কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মো. ইমান উল্লাহ ওরফে মাস্তানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৫ এপ্রিল) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্নার আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আসামির রিমান্ড সংক্রান্ত শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করা হয়েছে।
এদিন আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম।
এর আগে, আজ রোববার দুপুরে আসামি মো. ইমান উল্লাহ ওরফে মাস্তানকে (৫০) দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জের কদমতলী আমবাগিচা ডিবজলের গলিতে অবস্থিত মেসার্স এসার গ্যাস প্রো ফ্যাক্টরিতে আগুন লাগে। এ ঘটনায় ৬ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জুয়েল রানা বাদী হয়ে ইমান উল্লাহসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার অপর দুই আসামি হলেন—কারখানাটির মালিক মো. আকরাম উল্লাহ আকরাম এবং তার ছেলে আহনাফ আকিফ আকরাম।
এদিকে, আগুন লাগার ২৯ ঘণ্টা পর গ্যাসলাইট কারখানায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় উদ্ধারকাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।
