রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, ২ জনের মৃত্যু
রাজধানীর কাঁটাবন এলাকায় ১৪তলা আল-বারাকা টাওয়ার নামের আবাসিক ভবনের ১১তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।
নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আবদুস সালাম (১৯)।
রাফি আল ফারুক বলেন, দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ভেতরে আর কেউ আটকা নেই এবং নতুন করে হতাহতের খবর পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
