মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
মানবস্বাস্থ্যের জন্য মাত্রাতিরিক্ত ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তাদের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, পণ্যগুলো হলো—ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের উৎপাদিত 'ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিলড (ইনট্যাক্ট)', ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের উৎপাদিত 'ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিলড (ইনট্যাক্ট)' এবং আরবোটিং ফুড কোং লিমিটেডের উৎপাদিত 'আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিলড (ইনট্যাক্ট)'।
কর্তৃপক্ষ তিনটি প্রতিষ্ঠানকে তাদের সংশ্লিষ্ট পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহার এবং বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জনসাধারণকে এসব খাদ্যপণ্য কেনা ও খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
