কুমিল্লায় ভোটকেন্দ্র ছাড়িয়ে সড়কে ভোটারদের দীর্ঘ লাইন
সকাল গড়াতেই কুমিল্লার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে। কেন্দ্রের ভেতর থেকে বাইরে, এমনকি সড়ক পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভোটারদের। কুমিল্লার লাকসাম ও নাঙ্গলকোটের কয়েকটি কেন্দ্রে ছিল একই চিত্র।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কুমিল্লার লাকসামের ধামৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, কেন্দ্র ছাড়িয়ে ভোটারদের লাইন গিয়ে পৌঁছেছে সড়কে। তবু ভোটারদের আগমন থামছে না।
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এ কেন্দ্রে আটটি বুথ রয়েছে। মোট ভোটার ৪ হাজার ৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ১১০ জন এবং নারী ভোটার ১ হাজার ৮৯৪ জন।
তিনি বলেন, 'এখন ভোটারের চাপ আছে। ধীরে ধীরে কমে যাবে।'
ওই কেন্দ্রে ভোট দিতে আসা বয়োবৃদ্ধ নমিতা রানী পাল বলেন, 'মেলা দিন পর ভোট দিছি। খুব ভালো লাগছ।'
একই চিত্র দেখা গেছে নাঙ্গলকোটের মক্রবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও মক্রবপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে।
ওই দুই কেন্দ্রে মোট ভোটার ৭ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৮৫৩ জন এবং নারী ভোটার ৩ হাজার ৯৭৩ জন।
ওই কেন্দ্রে ভোট দিতে আসা মক্রবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু বলেন, 'দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারিনি। আজ ভোট দিতে পেরে ভালো রাখছে। জনগণ আজ তাদের রায় দিয়ে দিবে।'
