‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'গুজবে বিশ্বাস করি না। পত্রপত্রিকা পড়ে তো আর রাজনীতির কথা বিশ্বাস করা যাবে না। আর এটা তো রাষ্ট্রপতির কথা। গুজব দিয়ে কিছু বলা যাবে না।'
'পুরো বিশ্বই কোনো না কোনোভাবে গণতন্ত্রের চ্যালেঞ্জের মুখে। কিন্তু আমরা সবসময়ই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করেছি,' আরও বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিতামূলক এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও জনজবাবদিহিতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই চিকিৎসার জন্য যাওয়া থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ শুক্রবার দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল তার।
বার্তা সংস্থা রয়টার্স তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একসময়ের মিত্র রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার পদত্যাগ করবেন।
২০২৩ সালে ৭৬ বছর বয়সি সাহাবুদ্দিন পাঁচ বছরের মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তাকে মনোনয়ন দিয়েছিল হাসিনার দল, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এখন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকেও অবগত করেছেন।
একটি সূত্র নিশ্চিত করেছে, গত মঙ্গলবার প্রধানমন্ত্রীকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান সাহাবুদ্দিন। আজ শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
তবে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় তিনটি সূত্রই নিজেদের নাম-পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য বারবার ফোন ও মেসেজ করা হলেও সাহাবুদ্দিন সাড়া দেননি। গত ডিসেম্বরে তিনি রয়টার্সকে বলেছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের পরপরই তিনি পদত্যাগ করার পরিকল্পনা করছেন। এ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে।
রয়টার্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মুখপাত্রদের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তারা সাড়া দেননি।
সূত্রগুলো বলেছে, স্থায়ী প্রার্থী নির্বাচিত হওয়ার আগে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।
