মিলেমিশে কিপিং করবেন মুশফিক-সোহান
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট খেলে পারিবারিক কারণে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। এরপর একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন নুরুল হাসান সোহান। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও ছিলেন না মুশফিক। উইকেটের পেছনটা সামলানোর দায়িত্ব ছিল সোহানের কাঁধে।
বরাবরের মতোই কিপিংয়ে প্রশংসা কুড়িয়েছেন দেশসেরা উইকেটরক্ষক সোহান। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুশফিক দলে ফেরায় প্রশ্ন ওঠে, কিপিংয়ের দায়িত্ব পাবেন কে। সেই উত্তর দিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
সোমবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে প্রোটিয়া এই কোচ জানালেন, কিউইদের বিপক্ষে কিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করা হয়েছে। প্রথম দুই ম্যাচে সোহান এবং পরের দুই ম্যাচে উইকেটরক্ষক হিসেবে থাকবেন মুশফিক। শেষ ম্যাচে কার হাতে গ্লাভস থাকবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে প্রথম চার ম্যাচের পারফরম্যান্সের পর্যালোচনা করে।
ডমিঙ্গো বলেন, 'সোহান প্রথম দুই ম্যাচে কিপিং করবে, পরের দুই ম্যাচে মুশফিক। এই সিরিজে আমরা উইকেটরক্ষকের দায়িত্ব ভাগাভাগি করছি। ওই ম্যাচগুলোতে দুজনের পারফরম্যান্স পর্যালোচনা করে চূড়ান্ত করা হবে শেষ ম্যাচের কিপার। এই ভিন্নতা থাকা ভালো। এটাই আপাতত আমাদের পরিকল্পনা। তবে সোহান প্রথম দুই ম্যাচ কিপিং করবে।'
মুশফিকুর রহিমের ব্যাটিং পজিশনও চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ কোচ বলেন, 'মুশফিকের ব্যাপারে যে সিদ্ধান্ত, সে চার নম্বরে ব্যাটিং করবে। সে এই জায়গাতেই সফল। সে ইনিংস ধরে রাখতে পারে। মিডল ওভারে এসে এক-দুই করে রান নিতে পারে। ম্যাচটাও শেষ করে আসতে পারে। তাকে দলে পাওয়া আমাদের জন্য ভালো খবর।'
ওপেনার হিসেবে দলে আছেন তিনজন; লিটন কুমার দাস, সৌম্য সরকার ও নাঈম শেখ। এর মধ্য থেকে দুজন ওপেনার বেছে নেওয়া হবে। এ ব্যাপারে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ডমিঙ্গো। তিনি বলেন, 'আমাদের দলে তিনজন আছেন, যারা ওপেন করতে পারে। সৌম্য, লিটন ও নাঈম আছে। আগামী ২৪ ঘন্টায় নির্বাচকদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।'
