অনুপ্রবেশের কারণে সীমান্ত এলাকায় জনসংখ্যার বিন্যাসে অস্বাভাবিক পরিবর্তন এসেছে: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতের সীমান্ত এলাকায় জনসংখ্যার বিন্যাসে পরিবর্তনের পেছনে অনুপ্রবেশকে দায়ী করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, এই সমস্যা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার কঠোর পদক্ষেপ নেবে।
সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় অমিত শাহ এ কথা জানান। এ সময় তিনি একটি নতুন নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা করেন। এর আওতায় সীমান্ত সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন, গোয়েন্দা সহযোগিতা এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। শাহ আরও জানান, সীমান্ত এলাকায় জনসংখ্যার বিন্যাসে অস্বাভাবিক পরিবর্তনের কারণ অনুসন্ধানে সরকার একটি 'ডেমোগ্রাফি মিশন' শুরু করেছে।
অমিত শাহ বলেন, 'সীমান্ত এলাকায় জনসংখ্যার বিন্যাসে অস্বাভাবিক পরিবর্তনের কারণ হলো অনুপ্রবেশ এবং আমাদের এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।'
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই এবং এর জন্য জাতীয় প্রচেষ্টার প্রয়োজন।
অমিত শাহ জানান, কেন্দ্রীয় সরকার একটি নতুন নিরাপত্তা কৌশল তৈরি করছে যেখানে সীমান্তরক্ষী বাহিনী, জেলা প্রশাসন, রাজ্য সরকার, কেন্দ্রীয় সংস্থা এবং স্থানীয় নাগরিকদের সম্পৃক্ত করা হবে। এই কৌশলের মাধ্যমে ভারতের সীমান্ত ব্যবস্থাপনা আরও বেশি সক্রিয় ও প্রতিরোধমূলক হবে বলে তিনি দাবি করেন।
অমিত শাহ আরও বলেন, ভারতীয় সরকারের লক্ষ্য হলো প্রযুক্তি, অবকাঠামো ও উন্নত গোয়েন্দা তথ্যের মাধ্যমে একটি 'স্মার্ট বর্ডার সিস্টেম' গড়ে তোলা। এর মাধ্যমে সীমান্তে নজরদারি ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সক্ষমতা বাড়ানো হবে। তিনি বলেন, 'আগামী বছরগুলোতে ভারতের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা হয়ে উঠবে।'
