প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো হলে তার আত্মসমর্পণের সুযোগ থাকবে না৷ তাকে সরাসরি কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি বলেন, 'এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আত্মসমর্পণ করার পর জামিনও পাবেন না।'
রোববার (১২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'সরকার ভারত সরকারের কাছে তাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে, তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে তো নিজে নিজে তার আসার কোনো সুযোগ নেই। হয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে অথবা তাকে পুশব্যাক করবে৷'
আমিনুল ইসলাম বলেন, 'শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরলে তাকে গ্রেপ্তার হয়েই কারাগারে যেতে হবে।'
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্সকে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে টেলিফোনে দেওয়া প্রায় ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, কেবল তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, 'নেতা-কর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য এ বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা। বরং সরকার কূটনৈতিকভাবে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।'
দেশে ফিরলে শেখ হাসিনার জামিনের কোনো সুযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, 'আমাদের দেশে এখন পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন হয়েছে, এরকম নজির নেই।'
দেশে ফেরার পর আইনি পদক্ষেপ কী হবে এমন প্রশ্নের উত্তরে চিফ প্রসিকিউটর বলেন, 'যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে তো সংগত কারণেই—যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ—তিনি প্রথমত জেলে যাবেন এবং জেলে যাওয়ার পর তিনি আপিল করতে পারবেন কি পারবেন না, সে বিষয়ে নিষ্পত্তি হবে।'
নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়ায় শেখ হাসিনা আপিলের অধিকার খুইয়েছেন জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন ২১ এর ৩-এ পরিষ্কার করে বলা হয়েছে, ৩০ দিন পরে আর কোনো আপিল হবে না। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে। যদি আপিল করা যায়, তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হয় তা হবে।'
ট্রাইব্যুনালের রায় অনুযায়ী শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'দণ্ডাদেশের সাথে তার সম্পত্তি যেগুলো বাংলাদেশে আছে, সেসব স্থাবর-অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। অতএব তার ব্যাংকে যদি কোনো টাকা থাকে; তার যদি স্থাবর কোনো সম্পত্তি থাকে, তাহলে সেটা কিন্তু এখন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা। এটার মালিকানা কিন্তু আর তার নেই।'
প্রসঙ্গত, ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী দমন-নির্যাতনের নির্দেশ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করে।
ট্রাইব্যুনালে চলমান অন্যান্য মামলার হালনাগাদ তথ্য তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, '২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২১ জুলাই এ মামলার আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে।'
তিনি যোগ করেন, 'এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনাসহ ট্রাইব্যুনালে চলমান প্রধান ১০টি মামলার তদন্ত কাজ এখন একেবারে শেষ পর্যায়ে রয়েছে।' দ্রুতই এগুলোর প্রতিবেদন আদালতে পেশ করা হবে বলে জানান আমিনুল ইসলাম।
