দিনাজপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় আটকা ৪ জন
দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে আজ (১১ জুলাই) ভোরে এক নারী ও এক কিশোরসহ চারজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছেন।
তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা বর্তমানে নো-ম্যানস ল্যান্ড এলাকায় আটকে আছেন।
নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করা ওই চার ব্যক্তি হলেন—নড়াইলের কালিয়া উপজেলার পঞ্চকানে গ্রামের মৃত তোরাব মোল্লার ছেলে গণি মোল্লা (৩৫), খুলনা সদরের কারিগর পাড়ার মাসুদ মোল্লার ছেলে বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী সুখি মোল্লা (৩৫) এবং তাদের ১৫ বছর বয়সী ছেলে মোহাম্মদ জিহাদ মোল্লা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এই দলে প্রায় ১০ থেকে ১৫ জন মানুষ ছিল। তবে সীমান্তের পরিস্থিতি বেগতিক দেখে বাকিরা ভারতের অভ্যন্তরে ফিরে যান। বিজিবি-২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ্জামান আরিফ জানান, এই ঘটনাটি কোনো 'পুশ-ইন' নয়।
তিনি বলেন, 'ভোর আনুমানিক পৌনে ৬টার দিকে চারজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করেন। বিজিবির টহল দলের নজরদারি এড়িয়ে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি এবং বর্তমানে দুই দেশের মধ্যবর্তী জিরো লাইনে অবস্থান করছেন।'
তিনি আরও জানান, আটকে পড়া ওই চার ব্যক্তির জাতীয়তা এখনো নিশ্চিতভাবে যাচাই করতে পারেনি বিজিবি।
