ট্রাম্প ১ ঘণ্টায় সাত দাবি করেছেন, সাতটিই মিথ্যা; হরমুজে চলতে হলে নিতে হবে ‘ইরানের অনুমতি’: স্পিকার বাগের গালিবাফ
সম্প্রতি ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এক ঘণ্টায় সাতটি দাবি করেছেন এবং ওই সাতটি দাবিই ছিল মিথ্যা।
গালিবাফ আরও বলেন, 'তারা এই যুদ্ধে জয়ী হয়নি এবং এসব মিথ্যার আশ্রয় নিয়ে আলোচনার মাধ্যমেও তারা নিশ্চিতভাবেই কোনো সুফল পাবে না।'
হরমুজ প্রণালির বিষয়ে তিনি বলেন, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে এই জলপথ 'উন্মুক্ত থাকবে না'। তিনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের মন্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, হরমুজ প্রণালি খোলা থাকবে নাকি বন্ধ এবং এর নিয়মকানুন কেমন হবে, তা 'রণক্ষেত্রেই নির্ধারিত হবে, কোনো সোশ্যাল মিডিয়ায় নয়'।
তিনি এক্স-এ লেখেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচল 'নির্ধারিত রুট' অনুযায়ী এবং 'ইরানের অনুমোদন' সাপেক্ষে পরিচালিত হবে।
গালিবফ এবং বাঘাইয়ের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইংরেজিতে একটি পোস্ট দিয়ে জানিয়েছিলেন, যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য সকল বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি 'পুরোপুরি উন্মুক্ত' রয়েছে।
আরাগচির এই বক্তব্য ইরানের কিছু সংবাদমাধ্যম এবং কট্টরপন্থীদের সমালোচনার মুখে পড়ে। তারা পররাষ্ট্রমন্ত্রীকে তার এই মন্তব্যের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান।
গালিবফ তার পোস্টে আরও বলেন, 'তথ্যযুদ্ধ এবং জনমত গঠন করা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে ইরানি জাতি এসব কৌশলে প্রভাবিত হবে না।'
