হরমুজ দিয়ে চলাচলে ইরানকে টোল দিলে জাহাজ মালিকদের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য ইরানকে কোনো ধরনের টোল না দিতে জাহাজ মালিকদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের 'অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল' (ওএফএসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, কোনো জাহাজ বা নৌযান যদি ইরানকে টোল দিয়ে এই পথ পার হওয়ার চেষ্টা করে, তবে তা সরাসরি মার্কিন নিষেধাজ্ঞার লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
সতর্কবার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এই লেনদেন যেকোনো উপায়েই হোক না কেন—তা প্রচলিত মুদ্রা, ডিজিটাল সম্পদ (ক্রিপ্টোকারেন্সি), অনানুষ্ঠানিক বিনিময় কিংবা ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিতে 'দান' হিসেবে দিলেও তা অপরাধ বলে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো নিষেধাজ্ঞার মুখে পড়বে।
বিশ্বজুড়ে সমুদ্রপথে সরবরাহকৃত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আলোচনার অংশ হিসেবে তেহরান এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের প্রস্তাব করেছে।
ওএফএসি জানিয়েছে, জাহাজ চলাচলের নিরাপত্তার বিনিময়ে ইরানের অর্থ চাওয়ার বিষয়টি সম্পর্কে ওয়াশিংটন অবগত আছে।
বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন অর্থ মন্ত্রণালয় সুনির্দিষ্ট কোনো দেশ বা কোম্পানির নাম জানায়নি যারা ইতোমধ্যে ইরানকে এমন অর্থ দিয়েছে। তবে এর আগে অন্তত একটি জাহাজের ক্ষেত্রে হরমুজ প্রণালি পার হতে ২০ লাখ ডলার দেওয়ার খবর পাওয়া গিয়েছিল।
এদিকে এমন সময়ে এই সতর্কতা এল যখন ইরান পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি আলোচনার প্রস্তাব পাঠিয়েছে, যা চলমান যুদ্ধ বন্ধের অচলাবস্থা নিরসনে সহায়ক হতে পারে।
ওএফএসি জানিয়েছে, পেমেন্ট পদ্ধতি যাই হোক না কেন, ইরানি শাসকগোষ্ঠীকে এই অর্থ প্রদান করলে সংশ্লিষ্ট পক্ষগুলো নিষেধাজ্ঞার মুখে পড়বে।
এছাড়া, বার্ষিক বিলিয়ন ডলারের লেনদেনে সহায়তা করার অভিযোগে ৩টি ইরানি মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান এবং সেগুলোর সহযোগী প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে পানামার পতাকাবাহী 'নিউ ফিউশন' নামে একটি তেলের ট্যাংকারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, 'ইরানি শাসকগোষ্ঠীর তহবিল তৈরি ও স্থানান্তরের সক্ষমতাকে আমরা কঠোরভাবে লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখব। তেহরানকে নিষেধাজ্ঞা এড়াতে যারা সহায়তা করবে, আমরা তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।'
