১৬ হাজার পশ্চিমা নিষেধাজ্ঞা দিয়েও রাশিয়াকে আটকানো যাচ্ছে না: সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা
ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার ওপর আরোপিত নজিরবিহীন পরিমাণ পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যত কোনো প্রভাব ফেলেনি বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড্যানিয়েল ডেভিস।
বৃহস্পতিবার নিজের ইউটিউব শোতে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, রাশিয়া এরইমধ্যে নিজের অর্থনীতিকে অভিযোজিত করে নিয়েছে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন, যদি না দেশটি ১০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছায়।
ডেভিস বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প কী মনে করে এখনো রাশিয়াকে চাপের মুখে টেবিলে আনা যাবে—তা বোঝা কঠিন। আগের যে সব সময়সীমা দেওয়া হয়েছিল, তা কোনো অর্থ বহন করেনি।'
তিনি আরও বলেন, 'গত কয়েক বছরে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র যে ১৬ হাজারের বেশি নিষেধাজ্ঞা দিয়েছে—তার বাস্তব কোনো প্রভাব পড়েনি। বরং রাশিয়া এখন অনেকটাই আত্মনির্ভর হয়ে উঠেছে এবং এগিয়ে চলেছে।'
রাশিয়া বহুবার জানিয়েছে, তারা সংলাপে আগ্রহী, তবে যেকোনো চুক্তি হতে হবে সেখানের বাস্তবতা ও সংঘাতের মূল কারণগুলোর ভিত্তিতে।
ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালন করা এই মার্কিন সাবেক কর্মকর্তা আরও বলেন, রাশিয়া এত বছর ধরে চাপ সয়েই অভিযোজিত হয়েছে। ফলে অতিরিক্ত নিষেধাজ্ঞা কিংবা সময়সীমা দিয়ে এই কৌশলগত বাস্তবতা বদলানো সম্ভব নয়।
ট্রাম্প অবশ্য স্বীকার করেছেন, নতুন নিষেধাজ্ঞাগুলোও হয়তো ব্যর্থ হতে পারে। তবুও যদি চুক্তি না হয়, তাহলে তার প্রশাসন এ পদক্ষেপ নিতেই যাচ্ছে।
ড্যানিয়েল ডেভিসের মতে, 'এই সময়সীমা যদি আবারো ব্যর্থ হয়, তবে ট্রাম্প রাজনৈতিকভাবে দুর্বল ও অকার্যকর হিসেবে দেখা দিতে পারেন।'
এদিকে, ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া পশ্চিমা চাপের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। দেশটির দাবি, এই নিষেধাজ্ঞাগুলো অবৈধ এবং উল্টো নিষেধাজ্ঞাদাতা দেশগুলোর ওপরই বিপরীত প্রভাব ফেলেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ২৮ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা অন্য সব দেশের ওপর দেওয়া নিষেধাজ্ঞার সংখ্যার চেয়েও বেশি।
তিনি জোর দিয়ে বলেন, এসব নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করতে পারেনি বা বিশ্ব থেকে বিচ্ছিন্নও করতে পারেনি।
