যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপকর্মে সহযোগিতা’ করেছে ইতালি, অভিযোগ ইরানের
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইতালি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিচালনায় নিজেদের সহায়তার অভিযোগ থেকে দূরে সরে থাকতে দেশটি বিভ্রান্তিকর যুক্তি উপস্থাপন করছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে চলতি সপ্তাহে ফক্স নিউজ টেলিভিশনের সাথে কথা বলার সময় ন্যাটোর মহাসচিব মার্ক রুট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইউরোপীয় সমর্থনের একটি উদাহরণ হিসেবে ইতালির নাম উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন, ওয়াশিংটন এবং ইসরায়েলের যৌথভাবে শুরু করা যুদ্ধ, 'এপিক ফিউরি'-কে সমর্থন করার জন্য ইতালির মার্কিন ঘাঁটিগুলো থেকে ৫০০ মার্কিন বিমান উড়ে গিয়েছিল।
পরে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এ দাবি অস্বীকার করে বিবৃতি দেন। তিনি বলেন, ইতালি তার সংবিধান, আন্তর্জাতিক চুক্তি এবং দেশটির ভূখণ্ডে অবস্থিত মিত্র বাহিনীর ঘাঁটি পরিচালনাসংক্রান্ত চুক্তিগুলোর সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে কাজ করেছে।
তিনি বলেন, 'পার্লামেন্টে আগেই যেমনটি স্পষ্ট করা হয়েছে, সরকার কেবল কারিগরি ও রসদসংক্রান্ত, অযুদ্ধমূলক কার্যক্রমের অনুমোদন দিয়েছিল।' তিনি আরও জানান, এই সীমার বাইরে যেসব অনুরোধ এসেছিল, ইতালি সেগুলো প্রত্যাখ্যান করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বাঘাই ওই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বলেন, 'আগ্রাসন চালানো পক্ষকে "কারিগরি ও রসদসংক্রান্ত" সহায়তা দেওয়া অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত একটি যুদ্ধ পরিচালনায় সুস্পষ্ট ও প্রত্যক্ষ অবদান রাখার শামিল।'
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের ঘটনায় সহযোগিতার দায় এড়ানোর উদ্দেশ্যে ইতালি 'ভ্রান্ত যুক্তি' উপস্থাপন করছে।
