স্থল অভিযানে হামাসের সঙ্গে ‘ব্যাপক’ লড়াই হচ্ছে: ইসরায়েল
গাজায় স্থল আক্রমণ অব্যাহত আছে জানিয়ে ইসরায়েল বলেছে, হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর 'ব্যাপক' লড়াই হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, তাদের বাহিনীগুলোর ওপর হামাস যোদ্ধারা অ্যান্টি-ট্যাংক মিসাইল ও মেশিনগান নিয়ে হামলা করেছেন।
স্থল আক্রমণের পাশাপাশি গাজা উপত্যকায় বিমান হামলাও অব্যাহত রয়েছে। ইসরায়েল জানিয়েছে, মোট ৩০০-র বেশি লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে তারা।
এছাড়া ইসরায়েল জানিয়েছে, তাদের লক্ষ্য মূলত উত্তর গাজা হলেও তারা 'উপত্যকার সব অংশেই' আক্রমণ চালিয়ে যাবে।
অন্যদিকে হামাস বলছে, তারা অ্যান্টি-ট্যাংক মিসাইল দিয়ে তিনটি ইসরায়েলি সাঁজোয়া যানকে অ্যামবুশ (অতর্কিত আক্রমণ) করেছে। এছাড়া তারা দক্ষিণ গাজায় ইসরায়েলি পদাতিক বাহিনীর ওপর গোলাবর্ষণ করেছেও বলে জানিয়েছে।
এ পরিস্থিতিতে সোমবার (৩০ অক্টোবর) রাতে গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে তিনি ইসরায়েলের অবস্থান স্পষ্ট করতে চান। ১৯৪১ সালে পার্ল হারবারে বোমা হামলা বা ২০০১ সালের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র যেমন যুদ্ধবিরতিতে রাজি হয়নি, তেমনি ৭ অক্টোবরের ভয়াবহ হামলার পর ইসরায়েলও যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে মন্তব্য করেন তিনি।
তিন সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা হামলায় গাজায় মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। এই নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
