মিরপুরে রাড্ডা ক্লিনিক লুট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক মালামাল উদ্ধার
রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি এনজিও পরিচালিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আক্তার হোসেন আজ (২৭ সেপ্টেম্বর) গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ২টার মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে মুখোশ পরা ২০০ থেকে ২৫০ জনের একটি দল দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায়। হামলাকারীরা সেখানে লুটপাট চালায় এবং পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্থাপনার কিছু অংশ গুঁড়িয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সময় পুলিশের উপস্থিতি ও তাদের ভূমিকা তদন্তেও গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
স্বাস্থ্যকেন্দ্রটি ১৯৭৬ সাল থেকে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা, ইপিআই টিকাদান ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছিল।
এ ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার ২৬ সেপ্টেম্বর শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়া এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় আসামিদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, চুরি ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে।
এর আগে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানান শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন। তাৎক্ষণিকভাবে ওই চারজনের পরিচয় জানানো হয়নি।
