'দোয়া করবেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় যদি শহীদ হতে পারি'—গ্রেপ্তারের আগে জামায়াত নেতা আখতারুজ্জামান
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে গ্রেপ্তারের বিষয়টি জানান আখতারুজ্জামান। পাশাপাশি একটি ভিডিও বার্তাও দেন তিনি।
ওই ভিডিও বার্তায় আখতারুজ্জামান বলেন, 'আসসালামুয়ালাইকুম, প্রিয় দেশবাসী। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। শুধু জানিয়ে গেলাম সবাইকে। দোয়া করবেন, আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে প্রবাসীদের স্বার্থ রক্ষার জন্য যদি শহীদ হতে পারি, আল্লাহ যেন আমার সেই আহ্বান কবুল করেন। জনগণের অধিকারের সংগ্রামে আমি আছি, থাকব, আজীবন থাকব। যতদিন বেঁচে আছি, ততদিন জনগণের পাশে থাকব। জনগণের জন্য সংগ্রাম করব। জনগণের জন্য এ জীবন ত্যাগ করব। সবাই ভালো থাকবেন।'
বার্তা দেওয়ার এক ঘণ্টার মধ্যে ওই ভিডিওতে ৬৮০টি লাইক ও ১০১টি কমেন্ট পড়ে। ভিডিওটি শেয়ার হয়েছে ১৬১ বার। কমেন্টে অনেককে প্রতিবাদ ও নিন্দা জানাতে দেখা গেছে।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর ক্যান্টনমেন্টসংলগ্ন ধামাল কোট এলাকার ১০ নম্বর রোডের ৩৫ নম্বর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
