জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
জুলাই ও আগস্ট মাসের মূল্যসংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ (১ অক্টোবর) এনবিআরের জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে যেসব ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন দাখিল করবে, তাদের ওপর কোনো ধরনের জরিমানা বা বিলম্ব ফি আরোপ করা হবে না।
উল্লেখ্য, সর্বশেষ বাজেটে সরকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সুবিধার্থে প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিক অর্থাৎ প্রতি তিন মাসে একবার ভ্যাট রিটার্ন দাখিল ও কর পরিশোধের সুযোগ দিয়েছিল।
তবে জুলাই ও আগস্ট মাসের ভ্যাট রিটার্ন জমা এবং রাজস্ব সংগ্রহের সার্বিক চিত্র পর্যালোচনার পর এনবিআর দেখেছে, এই দুই মাসে রিটার্ন জমা ও রাজস্ব আদায় আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। এর ফলে চলতি সপ্তাহেই সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে আসে।
পরবর্তীতে মন্ত্রিসভা কমিটি ত্রৈমাসিকের বদলে পুনরায় আগের মতো প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলের বিষয়টি অনুমোদন করে। এই নতুন সিদ্ধান্ত চলতি মাস থেকেই কার্যকর হবে।
