বান্দরবানে পাহাড় ধসে দুই পরিবারের ৫ জনের মৃত্যু
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড় ধসে দুই পরিবারের মোট পাঁচজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় মাটি চাপা পড়ে তারা নিহত হয় বলে জানিয়েছেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ।
ওসি কায়ছার হামিদ টিবিএসকে বলেন, 'আজিজনগর ইউনিয়নে প্রথম রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে এক পরিবারে দুইজন নিহত হয়। পরে ভোর চারটায় আরেকটা পাহাড় ধসে একই পরিবারে তিনজন মাটি চাপা পড়ে নিহত হয়।'
তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে উল্লেখ করে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ওসি জানান, গতকাল রাত থেকে বিদ্যুৎ চলে যাওয়ায় লামা উপজেলার কোথাও টেলিটক নেটওয়ার্ক নেই। এ কারণে যোগাযোগে সমস্যা হচ্ছে।
