রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা: অজ্ঞাতনামা ৯ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর নিউমার্কেট এলাকায় সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে ডিএমপির নিউমার্কেট থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলায় ৮ থেকে ৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ এরই মধ্যে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। খুব কাছ থেকে করা গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
নিহত ৫১ বছর বয়সী টিটনের নাম ২০০১ সালে তৎকালীন সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় দ্বিতীয় স্থানে ছিল। দীর্ঘ কারাভোগের পর গত আগস্ট মাসে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। তবে কারামুক্তির মাত্র কয়েক মাসের মাথায় অজ্ঞাতনামা আততায়ীদের গুলিতে প্রাণ হারালেন তিনি।
