ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী শুক্রবার (৩১ জুলাই) ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানায়, আজ সকালে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্রটি জানায়, 'আমি শুধু বলতে পারি, এটি একটি ইতিবাচক বৈঠক ছিল।'
তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি।
গত ২৫ জুন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দিনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানান সার্জিও গোর।
এ সময় তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।'
বৃহস্পতিবার সন্ধ্যায় সার্জিও গোর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। আজ শুক্রবার তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।
আগামীকাল শনিবার তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে। এ পর্যন্ত অর্জিত সাফল্যের ভিত্তিতে দুই দেশ আরও এগিয়ে যাবে।
বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যোগাযোগ শুধু একটি বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নয়। সব বিষয়ে এবং সব পর্যায়ে আমাদের সম্পৃক্ততা রয়েছে। দুই দেশের সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাচ্ছে।'
