কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
কুমিল্লার দাউদকান্দিতে একটি চাল বোঝাই ট্রাক উল্টে নিচে চাপা পড়ে ৭ জন নিহত হয়েছেন এবং অন্তত ৬ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীররাতে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দির হাসানপুর নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ১৩ জন শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে। চাপাপড়া শ্রমিকদর মধ্যে সাতজন নিহত ও ৬ জন আহত হন।
নিহতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আলমের ছেলে সোহরাব হোসেন, আজাদ মিয়ার ছেলে মোহাম্মদ আফজাল হোসেন, ফজলুর রহমানের ছেলে সালেক। বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন, বিষু, মাজহারুল ইসলামের ছেলে আবুল হোসেন এবং রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) গভীররাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। তিনি বলেন, 'আমরা ট্রাকের নিচ থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করি। এছাড়া, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি। মৃতদেহগুলো দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।'
তিনি আরও বলেন, 'দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘটনার পর ট্রাকের চালক বা হেল্পার কাউকে আটক করা সম্ভব হয়নি।'
দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. এরশাদ হোসেন বলেন, 'আমরা রাত ২টা ৪৩ মিনিটে খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে যাই এবং ট্রাকের নিচ থেকে ৭টি মৃতদেহ উদ্ধার করি এবং আরো ৬ জনকে জীবিত উদ্ধার করি।'
দুর্ঘটনায় আহত দিনাজপুরের জাহাঙ্গীর আলম বাবু বলেন, 'আমরা সবাই কৃষি শ্রমিক। দিনাজপুরের বিভিন্ন উপজেলায় আমাদের বাড়ি। ট্রাকটি চট্টগ্রাম যাওয়ার কথা। আমরা কুমিল্লায় যাওয়ার জন্য ট্রাকটিতে উঠি। মেঘনা ব্রিজ পর্যন্ত চালকই গাড়িটি চালায়। এরপর হেলপার গাড়ি চালানো শুরু করে। আমরা চালের বস্তার ওপর শুয়ে-বসে ব্যাপারটা লক্ষ্য করেছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ মাথায় ঝিমুনি দিয়ে ওঠে। মাঠে পড়ে গেলে সবাই আমরা চালের বস্তার নিচে চাপা পড়ি। আমার মাথাটা শুধু বাইরে ছিল। এ কারণেই বেঁচে গেছি। তবে পা ভেঙে গেছে।'
