ফার্মগেটে বাসচাপায় সিএনজি অটোরিকশাচালক নিহত
রাজধানীর ফার্মগেটে বাসচাপায় এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় তেজতুরি বাজার ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মামুন ফরায়েজী (৩৩)। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা ছিলেন। ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার বাবার নাম সেকান্দার ফরায়েজী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাজহিল এলাকায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা গুরুতর অবস্থায় মামুনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক দুপুর ১:১৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী কাজী ফয়সাল বলেন, 'লাব্বাইক পরিবহনের একটি বাস অটোরিকশার চালককে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান।'
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তেজগাঁও থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে।'
