মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ
মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একটি চীনা ট্যাংকার মঙ্গলবার হরমুজ প্রণালি পার হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ উপেক্ষা করেই জাহাজটি এই পথ পাড়ি দেয়। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে এ বিষয়ে জানা গেছে।
জাহাজ চলাচলের তথ্য প্রদানকারী সংস্থা এলএসইজি, মেরিনট্রাফিক ও কেপলারের তথ্য বলছে, অবরোধ শুরুর পর 'রিচ স্টারি' নামের এই ট্যাংকারটিই প্রথম হরমুজ প্রণালি পার হয়ে উপসাগর থেকে বের হলো।
ইরানের সঙ্গে ব্যবসার কারণে এই ট্যাংকার ও এর মালিকানা প্রতিষ্ঠান 'সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড'-এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এ বিষয়ে চীনা প্রতিষ্ঠানটির তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি রয়টার্স।
'রিচ স্টারি' মাঝারি আকারের একটি ট্যাংকার। এটিতে প্রায় আড়াই লাখ ব্যারেল মিথানল রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে ট্যাংকারটিতে কার্গো ওঠানো হয়েছিল। চীনা মালিকানাধীন এই ট্যাংকারে থাকা নাবিকরাও চীনের নাগরিক।
এদিকে এলএসইজির তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা 'মুরলিকিশান' নামের আরেকটি ট্যাংকারও মঙ্গলবার হরমুজ প্রণালির দিকে অগ্রসর হয়েছে।
কেপলারের জানাচ্ছে, মাঝারি আকৃতির (হ্যান্ডিসাইজ) খালি এই ট্যাংকারটি আগামী ১৬ এপ্রিল ইরাক থেকে জ্বালানি তেল তুলবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে 'এমকেএ' নামে পরিচিত এই জাহাজটি রাশিয়া ও ইরানের তেল পরিবহন করেছিল।
