‘সংবিধান সংশোধনে সরকার খুবই উদার ও সচেষ্ট’, ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে সাক্ষাতে স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে খুবই উদার ও সচেষ্ট।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
সাক্ষাতকালে ইউএনডিপি প্রতিনিধি দলের সাথে ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, জাতীয় সংসদের অধিবেশন এবং সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, 'ইউএনডিপি ও জাতীয় সংসদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। ইউএনডিপি নতুন সংসদ-সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করতে পারে, যা তাদের প্রাথমিক দায়িত্ব, কার্যাবলি এবং এখতিয়ার সম্পর্কে অবগত হতে সহায়তা করবে। এছাড়া সংসদ-সদস্যদের মধ্য থেকে বিশেষ করে নারী সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল ইউএনডিপি'র সাথে দ্বিপাক্ষিক সফর বিনিময় করতে পারে।'
সংসদীয় কার্যক্রমের আধুনিকায়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, 'সংসদে ডিজিটাইজড লাইব্রেরি ব্যবস্থার প্রবর্তন, অধিবেশনকালীন দিনের কার্যসূচিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং সংসদের নিজস্ব প্রিন্টিং ও প্রেস থাকা অত্যন্ত আবশ্যক।'
ঢাকায় নিযুক্ত ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সংসদীয় কার্যক্রমের প্রশংসা করে বলেন, 'বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত। ইউএনডিপি বাংলাদেশ ও জাতীয় সংসদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী। ইউএনডিপি'র এই সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
সাক্ষাৎকালে তারা বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে নিজ নিজ মতামত বিনিময় করেন। এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলো— বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নিরপেক্ষ অবস্থানের ভূয়সী প্রশংসা করেন তারা।
এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সংসদ বিষয়ক ফোকাল পার্সন মাহমুদুল হাসান, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা (গভর্ন্যান্স) ড্রাগন পপোভিক, সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিষ্ট তানভীর মাহমুদসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
