চিকিৎসাসেবা নিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও টিকিট প্রিন্ট করে আনার আহ্বান বিএমইউ-র
আউটডোরে সেবা নিতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টিকিট প্রিন্ট করে সঙ্গে আনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।
৩১ মার্চ পর্যন্ত অনলাইন টিকিটের মাধ্যমে প্রায় এক লাখ রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।
বিএমইউ জানায়, মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) পর্যন্ত তাদের বহির্বিভাগে অনলাইন টিকিটের মাধ্যমে প্রায় এক লাখ রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। বিএমইউর বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২ এ রোগীরা এই সেবা গ্রহণ করেন।
বর্তমানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোগী বিএমইউর ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করে সেবা নিচ্ছেন। এর ফলে রোগীদের লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগের মধ্যে টিকিট কিনতে হচ্ছে না। দিন দিন এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে।
বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান রোগীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টিকিটের মূল্য পরিশোধের পর সেটি প্রিন্ট করে সঙ্গে আনার অনুরোধ জানিয়েছেন।
তারা জানান, রোগীরা টিকিট প্রিন্ট করে আনলে নির্ধারিত সময়ে নির্ধারিত কক্ষে সরাসরি গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এতে রোগীদের সময় সাশ্রয় হবে এবং বহির্বিভাগে টিকিট কাটা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।
