চট্টগ্রামে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত, ১ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে বন্ধ রাখা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ৮ হাজার লিটারেরও বেশি মজুত করা জ্বালানি তেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে কৃত্রিম সংকট তৈরির দায়ে ওই ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ) নগরের বন্দর এলাকায় আনোয়ার জাকারিয়া ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। তেল না থাকার অজুহাতে স্টেশনটি বন্ধ রাখা হলেও, ভেতরে বিপুল পরিমাণ জ্বালানি তেলের মজুত পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফার নেতৃত্বে পরিচালিত অভিযানে ফিলিং স্টেশনটিতে ৭ হাজার ৭৩৪ লিটার ডিজেল ও ৩৭৪ লিটার অকটেন পাওয়া যায়। কৃত্রিম সংকট তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও অতিরিক্ত মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা টিবিএসকে বলেন, "জ্বালানির সরবরাহে কোনো ঘাটতি নেই। তারপরও কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের ভোগান্তিতে ফেলার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
