বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটর করছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
মাহদী আমিন বলেন, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে বৈঠক করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
এর আগে শুক্রবার (১০ জুলাই) বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলাগুলো হলো—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
