বর্ষণের কবলে চট্টগ্রাম: রাউজানে শিশুর মৃত্যু, বোয়ালখালীতে তরুণ নিখোঁজ
চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতা ও খালের স্রোতে পড়ে পৃথক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং এক তরুণ নিখোঁজ হয়েছেন। বুধবার ও বৃহস্পতিবার জেলার রাউজান ও বোয়ালখালী উপজেলায় এই দুর্ঘটনাগুলো ঘটে।
রাউজানে টানা বর্ষণে বিলের পানিতে তলিয়ে মোস্তাকিম নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম ওই এলাকার মো. পারভেজের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিকেলে বাড়ির কাছে খেলা করার সময় শিশুটি কোনোভাবে পাশের বিলের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাউজান উপজেলা প্রশাসন জানিয়েছে, পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে পাহাড়তলী, ডাবুয়া ও চিকদাইর ইউনিয়নে সবচেয়ে বেশি পানি জমেছে।
রাউজানের সার্বিক বন্যা পরিস্থিতি ও ত্রাণ সহায়তা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল আলম বলেন, 'এগুলো মূলত পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি, যা বৃষ্টি থামলেই নেমে যাবে। পানিবন্দী ও জলাবদ্ধ অবস্থায় থাকা মানুষদের জন্য ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা বিতরণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ৬০০ প্যাকেট রান্না করা খাবার এবং ১০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে, পাশাপাশি কিছু ত্রাণ সামগ্রীও ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে।'
এদিকে, বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালের প্রবল স্রোতে ভেসে গিয়ে দিদারুল আলম হৃদয় (১৮) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ১১টার দিকে তিনি নিখোঁজ হন। হৃদয় উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে লেবু বাগানে কাজ করতে যাওয়ার সময় ভাণ্ডালজুড়ি খাল পার হওয়ার চেষ্টা করেন হৃদয়। এ সময় খালের তীব্র স্রোতে তিনি ভেসে যান।
বোয়ালখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, 'জ্যৈষ্ঠপুরা এলাকার ভাণ্ডালজুড়ি খালে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়েই স্থানীয় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন সে সাঁতার জানত না। উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।'
উপজেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার পর স্থানীয় উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস দীর্ঘ চেষ্টা চালালেও পানির গতি বেশি থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। এছাড়া প্রাথমিক উদ্ধার তৎপরতার সময় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কোনো বিশেষায়িত ডুবুরি দল না থাকায় উদ্ধার কাজে সীমাবদ্ধতা তৈরি হয়।
