দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
দেশে বর্তমানে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই। ফলে এসব কেন্দ্রের বিপরীতে সরকার কোনো ক্যাপাসিটি চার্জ পরিশোধ করছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের (জামালপুর-৩) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, 'বর্তমানে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সরকারের কার্যকর চুক্তিও নেই।'
তবে তিনি জানান, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৮৬ মেগাওয়াট এবং আশুগঞ্জের প্রিসিশন এনার্জি লিমিটেডের ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ শেষ হওয়ার পর 'নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট' ভিত্তিতে চুক্তি নবায়ন করা হয়েছে।
তিনি আরও জানান, কেন্দ্র দুটি বর্তমানে চালু থাকলেও বিদ্যুৎ উৎপাদন করলেই কেবল অর্থ পরিশোধ করা হয়।
ইকবাল হাসান মাহমুদ বলেন, 'দেশে কোনো কুইক রেন্টাল কেন্দ্র চালু না থাকায় এসব কেন্দ্রের জন্য সরকারকে কোনো ক্যাপাসিটি চার্জও দিতে হচ্ছে না।'
