প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ নেয়ার সুযোগ নেই: হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই। কারণ, সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি; আমন্ত্রণ জানানো হয়েছে বিমসটেকের চেয়ারকে।
বৃহস্পতিবার পররাষ্ট্র সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, 'আমরা কীভাবে যাব? বাংলাদেশ সরকার থেকে কি কাউকে আমন্ত্রণ জানানো হয়েছে? আমাদের প্রধানমন্ত্রীকে তো আমন্ত্রণ জানানো হয়নি। কে আপনাকে বলেছে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে? বিমসটেক চেয়ারকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে আপনি এই প্রশ্ন কেন করছেন?'
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফরটি কোনো বহুপাক্ষিক সফর হতে পারে না। সরকার সুবিধাজনক সময়ে ভারতের সঙ্গে একটি দ্বিপক্ষীয় সফর আয়োজনের জন্য কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ২০২৫ সালের এপ্রিল মাসে পরবর্তী দুই বছরের জন্য আঞ্চলিক জোট 'বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন' বা বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করে বাংলাদেশ। সাতটি সদস্য দেশ নিয়ে গঠিত এই জোটের সদস্যরা হলো—বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
এদিকে ভারত নিশ্চিত করেছে যে, বিমসটেক চেয়ার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, কারণ চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই একটি পৃথক দ্বিপক্ষীয় আমন্ত্রণের বিষয়টি রয়েছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২-১৩ সেপ্টেম্বর ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও অংশ নেবেন। গত বুধবার জাতিসংঘের ভারত শাখা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।
ব্রিকসের বর্তমান সভাপতি হিসেবে ভারত এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে ব্রিকস সদস্য ও অংশীদার দেশগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও যোগ দেবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো: "বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি", যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মানবতা প্রথম' দর্শনের ওপর ভিত্তি করে তৈরি।
ভারত ব্রিকসের প্রতিষ্ঠাতা সদস্য এবং এর আগে ২০১২, ২০১৬ ও ২০২১ সালে তিনবার সভাপতিত্ব করেছে। ১ জানুয়ারি ২০২৬ থেকে ভারত চতুর্থবারের মতো ব্রিকস সভাপতিত্ব গ্রহণ করে। চলতি বছর প্রতিষ্ঠার ২০ বছর পূর্ণ করছে ব্রিকস।
