খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
খুব দ্রুতই সাকিব আল হাসানকে দেশের ক্রিকেটে দেখা যাবে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর।
তিনি বলেন, 'দেশের হয়ে খেলার মাঠে ফিরতে সাকিব আল হাসানের বিষয়গুলো নিয়ে যে আইনগত জটিলতার সৃষ্টি হয়েছিল, সেগুলো সমাধানের জন্য ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে। খুবই দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে।'
বুধবার (৪ মার্চ) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ সালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় আসিফ আকবর বলেন, 'সাকিবের বিষয়টা নিয়ে বিসিবির কাজ চলছে। তার ব্যাপারটি এখন বিসিবি হয়ে মন্ত্রণালয়ে পৌঁছেছে। মন্ত্রণালয়ের সঙ্গে বিসিবির লিগ্যাল এইড টিমও কাজ অব্যাহত রেখেছে।'
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবির এ পরিচালক বলেন, 'কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অ্যামিউজমেন্ট পার্কসহ তারকা মানের হোটেল তৈরির পরিকল্পনা রয়েছে। তাছাড়া এখানে গ্যালারিসহ অনেকগুলো কাজ বাকি রয়েছে।'
তিনি আরও বলেন, 'কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত খেলা হচ্ছে, তবে বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করার মতো সুযোগ-সুবিধা নেই।'
এসময় আসিফ আকবরের সঙ্গে ছিলেন বিসিবি গেম ডেভেলপমেন্ট এর অপারেশন হেড কাজী হাবিবুল বাশার সুমন এবং নির্বাচক মেহরাব হোসেন অপি।
