শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
শেয়ারবাজারে কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশন তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আজ (২৭ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন বলে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা আক্কাস আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন।
মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, অভিযুক্তরা অবৈধভাবে জল্পনামূলক শেয়ার লেনদেন, জুয়াসদৃশ কার্যক্রম এবং গুজব ছড়িয়ে বাজারে কারসাজি করেছেন বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি নিজেদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ব্যবহার করে একাধিক সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারণার শিকার হয়েছেন এবং তাদের মোট ২৫৬ কোটি ৯৭ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
