মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
মাগুরায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে জেলা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত তার বাড়িতে এ হামলা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, হামলাকারীরা বাড়ির দিকে ইট ছুড়ে মারলে কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।
তিনি বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, বাড়ির মূল ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে তদন্তে পেট্রোলবোমা হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। তবে পুলিশ এখনো ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব।
এ ছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় এক আন্দোলনকারীর মৃত্যুর ঘটনায় ঢাকার আদাবর থানায় করা একটি হত্যা মামলার আসামিদের তালিকায়ও তার নাম রয়েছে।
২০২৪ সালের ২৩ আগস্ট করা ওই মামলায় ১৫৬ জনকে আসামি করা হয়। মামলায় সাকিবকে ২৮ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
