বাবুনগরী সাহেব জামায়াতকে ভোট দেওয়া নাজায়েজ বলেছেন: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের প্রখ্যাত আলেম ও ওলামারাও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অপপ্রচারকে প্রত্যাখ্যান করেছেন। তিনি উল্লেখ করেন, 'বাবুনগরী সাহেব জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া নাজায়েজ বলেছেন এবং চরমোনাইয়ের পীর জামায়াতে ইসলামীকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন।'
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, 'দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ। একটা নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কি কেউ বেহেশতে যেতে পারে?'
বিএনপি মহাসচিব আরও বলেন, 'এমন একটি দলকে ভোট দিয়ে আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারি না। তাই আমি মা-বোন ও ভাইদের প্রতি আহ্বান জানাই—কেউ বিভ্রান্ত হবেন না।'
বক্তব্যের শেষে তিনি উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে অংশ নিন। একই সাথে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
