দরিদ্র রোগীদের জন্য ৫০ হাজার টাকার হেলথ কভারেজ প্যাকেজ চালু করবে সরকার
স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় ইউনিভার্সেল হেলথ কভারেজ প্রজেক্টের মাধ্যমে প্রাথমিকভাবে দেশের দরিদ্র ১৫ লাখ পরিবারের ৬০ লাখ মানুষের প্রতিজনকে বিনামূল্যে সরকারি ওষুধের বাইরে আরো ৫০ হাজার টাকার ওষুধসহ স্বাস্থ্যসেবা চিকিৎসা সামগ্রী দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশব্যাপী প্রাইমারী স্বাস্থ্যসেবা বৃদ্ধিতে করণীয় শীর্ষক সভায় একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
প্রাথমিকভাবে দেশের ৬টি জেলা এই ইউনিভার্সেল হেলথ কভারেজের আওতায় আনা হয়েছে। জেলাগুলো হচ্ছে কুড়িগ্রাম, মানিকগঞ্জ, বরিশাল, বরগুনা, লক্ষ্মীপুর, লালমনিরহাট এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, "দেশে বর্তমানে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিসের মত কঠিন ও অত্যন্ত ব্যয়বহুল রোগ বৃদ্ধি পাচ্ছে। এই রোগগুলোর চিকিৎসা ব্যয় অনেক বেশি। এজন্য সরকার অসহায়, দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয়ের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে নারীদের জন্য জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু করা হবে। প্রাথমিকভাবে এটি ১০ থেকে ১৫ বছরের শিশুদের শরীরে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে নারীদের ক্যান্সারে মৃত্যু সব থেকে বেশি জরায়ু ক্যান্সারের কারণেই হয়ে থাকে। এই ভ্যাকসিন কার্যক্রমের ফলে, দেশে জরায়ু ক্যান্সারে আক্রান্ত ও মৃত্যুহার অনেকটা কমে যাবে।
সভায় দেশব্যাপী স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন রকমের উদ্যোগ হাতে নেয়া হয়েছে এবং জেলা, উপজেলা হাসপাতালের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের হাসপাতালেও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা নিয়ে ব্যাপক উদ্যোগ হাতে নেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
সভায় স্বাস্থ্যমন্ত্রী স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সচেতনামূলক মিনি পকেট হেলথ গাইড বই দেয়া হয়েছে বলে জানান।
দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে প্রাথমিকভাবে ৫০০টি স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সেবা দৈনিক ৮ ঘণ্টার পরিবর্তে মাসের ৩০ দিনই ২৪ ঘণ্টা সেবা ব্যবস্থা চালুর কাজ চলমান আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
