তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর সংক্রান্ত বিবৃতি প্রকাশের এক ঘণ্টার মধ্যে সেটি প্রত্যাহার করে নিয়েছে দেশটির রাষ্ট্রপতি ভবন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে প্রকাশিত ভারতের রাষ্ট্রপতি ভবনের ওই বিবৃতিতে বলা হয়েছিল, বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠিত হবে না।
আরও বলা হয়েছিল, 'বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে এই শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না'।
যদিও এই সফর নিয়ে নয়াদিল্লি বা ঢাকা কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনও দেওয়া হয়নি। পরবর্তীতে বিজ্ঞপ্তিটি তুলে নেওয়া হয়। বেলা ৩টার দিকে নতুন বিবৃতিতে বলা হয়, 'এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হবে না' শিরোনামে যে বিজ্ঞপ্তি গত ২১ আগস্ট প্রকাশ করা হয়েছিল, সেটি প্রত্যাহার করা হলো।
তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার কথা এর আগে জানিয়েছিলেন কর্মকর্তারা। তারা বলেছিলেন, আগস্টের তৃতীয় সপ্তাহে এ সফর হতে পারে।
গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।
ভারতে রাষ্ট্রীয় সফরে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কূটনীতিকদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজনের ঐতিহ্য রয়েছে। ভবনের ফোরকোর্টে আয়োজিত ওই অনুষ্ঠানে তিন বাহিনীর সমন্বয়ে 'গার্ড অব অনার', জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
মূল অনুষ্ঠানের আগের দিন এর একটি পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়ে থাকে। এ ছাড়া সফররত শীর্ষ নেতার সম্মানে পরবর্তীতে রাষ্ট্রপতির ভবনে নৈশভোজেরও আয়োজন করা হয়।
