সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সঙ্গে ফাইব্রোস্ক্যান সংক্রান্ত সেবা বন্ধের ঘোষণা দিয়েছে কেএনএস কানাডা (বিডি)। আজ শুক্রবার থেকেই এই সেবা বন্ধের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। তবে দেশের অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারে এই সেবা অব্যাহত থাকবে।
আজ এক বিজ্ঞপ্তিতে কেএনএস কানাডা (বিডি)-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেএনএস'র কাছে থাকা তথ্য ও সংশ্লিষ্ট নথি অনুযায়ী, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কয়েকটি শাখায় অননুমোদিত ফাইব্রোস্ক্যান মেশিন, যথাযথভাবে ক্যালিব্রেশন (পরিমাপক যন্ত্রের মান নির্ধারণ) না করা এবং সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা পরিচালনার বিষয়টি উঠে এসেছে।
ফাইব্রোস্ক্যান লিভারের অবস্থা মূল্যায়নে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রযুক্তি। এই পরীক্ষার নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে অনুমোদিত যন্ত্র, উপযুক্ত কারিগরি ব্যবস্থা, যন্ত্রের যথাযথ রক্ষণাবেক্ষণ ও ক্যালিব্রেশন এবং প্রশিক্ষিত ও যোগ্য অপারেটর থাকা গুরুত্বপূর্ণ।
কেএনএস কানাডা জানিয়েছে, বাংলাদেশে ফাইব্রোস্ক্যান প্রযুক্তির একমাত্র অনুমোদিত ও এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে ২০০৮ সাল থেকে তারা এই প্রযুক্তির সেবা কার্যক্রমের সঙ্গে যুক্ত। প্রযুক্তিটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফ্রান্সের ইকোসেন্স'র সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রযুক্তিগত মান ও পেশাগত সুনাম বজায় রাখাকে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দেয়। এ অবস্থায় ফাইব্রোস্ক্যান প্রযুক্তির অনুমোদিত ব্যবহার, পরীক্ষার মান এবং সংশ্লিষ্ট কারিগরি মানদণ্ড নিয়ে উদ্বেগের কারণে পপুলারের সঙ্গে সেবা বন্ধ করা হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও বলছে, আজ থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত ফাইব্রোস্ক্যান পরীক্ষার ক্ষেত্রে কেএনএস কানাডা (বিডি)-এর অনুমোদন, কারিগরি তত্ত্বাবধান কিংবা সেবাসংশ্লিষ্ট কোনো সমর্থন থাকছে না। এ ছাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে পরিচালিত ফাইব্রোস্ক্যান পরীক্ষার রিপোর্টে কোনো ত্রুটি, অসংগতি বা কারিগরি সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট পরীক্ষা ও রিপোর্টের দায়ভার কেএনএস কানাডা (বিডি) ও ইকোসেন্স নেবে না।
রোগীদের নিরাপত্তা এবং পরীক্ষার নির্ভরযোগ্যতার স্বার্থে কেএনএস কানাডা (বিডি) সংশ্লিষ্ট চিকিৎসক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও সেবাগ্রহীতাদের ফাইব্রোস্ক্যান পরীক্ষা করানোর আগে ব্যবহৃত যন্ত্রের অনুমোদন, প্রোবের ক্যালিব্রেশন এবং অপারেটরের প্রশিক্ষণ ও যোগ্যতার বিষয়টি যাচাই করার আহ্বান জানিয়েছে।
