রাজশাহীতে বিএনপির গণসমাবেশ ঘিরে নেতাকর্মীদের গ্রেপ্তার-হয়রানি, প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিভাগীয় সমাবেশ উপলক্ষে রাজশাহীতে বিএনপির শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ অভিযোগ করেন।
আগামী ৩ ডিসেম্বরের রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে বিভাগের আটটি জেলায় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব চাঁপাইনবাবগঞ্জের সাংসদ হারুন অর রশিদ বলেন, "চাঁপাইনবাবগঞ্জে চারটি মামলা হয়েছে। ৭০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে আর অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ২৭০ জনের নামে। এক চাঁপাইনবাবগঞ্জ জেলায় যদি এই পরিস্থিতি দাঁড়ায় তাহলে অন্যান্য জেলা শহরে কী অবস্থা দাঁড়াবে তা সহজেই অনুমেয়।"
তিনি বলেন, "কতিপয় পুলিশ অতি উৎসাহী হয়ে আমাদের নেতাকর্মীদের নামে বেআইনীভাবে মামলা করছেন। যারা মামলা করছেন তাদেরকেও আইনের আওতায় আসতে হবে।"
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আটটি জেলায় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার মামলা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হচ্ছে।
বিএনপির উপদেষ্টা মিজানুর মিনু বলেন, "সরকারের বাধা সত্ত্বেও দেশের অন্যান্য বিভাগে বিভাগীয় সমাবেশ সফল হয়েছে। কিন্তু রাজশাহী বিভাগীয় সমাবেশে উপলক্ষে আমরা লক্ষ্য করছি আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। যতই আমাদের ওপর হয়রানি ও মিথ্যা মামলা দেওয়া হোক না কেন, যতই গ্রেপ্তার করা হোক আমরা বিভাগীয় সমাবেশ সফল করবোই।"
