গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
রাজধানীর গুলশানে এক বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে 'পিটিয়ে হত্যা করা হয়েছে' বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে খবর পেয়ে গুলশান-২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতাল (ইউনাইটেড হাসপাতাল) থেকে তার মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ।
প্রাথমিক জানা গেছে, নিহত নারীর নাম শামীম সালিম কাসিম (৬৭)। তিনি ভারতীয় নাগরিক (কাশ্মীর)। তিনি গুলশানের বারিধারা পার্ক রোডের ৩৪/৩৬ নং বোরাক পার্ক ভ্যালি বাসায় থাকতেন। তার শরীরে অস্বাভাবিক চিহ্ন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ওই নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।"
তানভীর আহমেদ বলেন, 'নিহত ওই ভারতীয় নারীর ছেলেই তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার ছেলে জানিয়েছে, তিনি বাথরুমে পড়ে মুখে আঘাত পেয়েছেন এবং বৃদ্ধ হওয়ায় মারা গেছেন।'
তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে আমরাও ধারণা করছি, তিনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। তার মুখে যে দাগ রয়েছে, সেটি বয়সের দাগ হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।'
নিহতের ছেলে সুহাইল সলিম কাসিম বলেন, 'মা সকালেও সুস্থ ছিলেন; ওয়াশরুমে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে মেঝেতেই পড়ে যান। বয়স্ক হওয়াতে আঘাতপ্রাপ্ত হয়েই তিনি মারা যেতে পারেন বলে ধারণা করছি।'
