দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবেন ট্রাক মালিকরা
জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য প্রত্যাহার অথবা পরিবহন ভাড়া বাড়ানোর আগ পর্যন্ত দেশব্যাপী পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাক মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতারা।
আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার বাসভবনে বৈঠক শেষে ফেডারেশনের নেতারা বলেন, 'আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ধর্মঘট চালিয়ে যাব।'
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে বলে তাদের আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত সেক্রেটারি জেনারেল আবদুল মোতালেব গণমাধ্যমকে বলেন, দুটি দাবির একটি পূরণ হলেই ধর্মঘট তুলে নেওয়া হবে।
তিনি বলেন, সরকার আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে পারলে ধর্মঘট চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা দেশের পরিবহন মালিকদের নেই।
বিশ্ববাজারের অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণ দেখিয়ে গত বুধবার সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করে। এর প্রতিবাদে পরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া বৃদ্ধি অথবা জ্বালানির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়।
ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ডাকা দেশব্যাপী পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে আজ সকালে চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের।
এছাড়াও চলমান পরিবহন ধর্মঘটের কারণে আজ রাজধানীর কাঁচাবাজারে সবজির দামও বেড়ে গেছে।
