শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিশ্বকাপের একটি বড় অংশ বিক্রির প্রস্তাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার এই প্রস্তাবনা যদি বাস্তবায়ন করা হয়, তবে ফিফার আয়োজিত সব ধরনের প্রতিযোগিতা বয়কট করতে একমত হয়েছে ইউরোপের দেশগুলো।
অভূতপূর্ব এ সিদ্ধান্তে উয়েফার (ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস) ৫৫ সদস্যদেশ ভবিষ্যতের বিশ্বকাপ ও ফিফা আয়োজিত অন্য সব প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, তারা এ প্রস্তাবকে সর্বসম্মতিক্রমে এবং দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী জরুরি বৈঠক শেষে উয়েফার সদস্যরা ঐক্যবদ্ধ অবস্থান নেয়। যদিও এর আগে আশঙ্কা ছিল, ইনফান্তিনোর পরিকল্পনার আওতায় প্রস্তাবিত অর্থনৈতিক সুবিধার কারণে ছোট কিছু দেশ প্রস্তাবটির পক্ষে অবস্থান নিতে পারে।
ফলে নিজের এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া ফিফা সভাপতির জন্য এখন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াল। সদস্য দেশগুলোকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পে চুক্তিবদ্ধ হওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে এখন উয়েফার কঠোর অবস্থানের মুখে এই প্রস্তাব হয় আমূল সংস্কার অথবা পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার চাপ তৈরি হবে।
আগামী মার্চে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচনে পুনরায় নির্বাচিত হতে ইউরোপের অধিকাংশ ফুটবল সংস্থা ইতোমধ্যেই ইনফান্তিনোকে সমর্থন দিয়ে চিঠি পাঠিয়েছিল। তবে উয়েফার এই সিদ্ধান্ত তার অবস্থানকে দুর্বল করে দিল।
উয়েফার অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, 'আজকের আলোচনার প্রেক্ষিতে নিশ্চিত করা হচ্ছে যে, যত দিন পর্যন্ত এই প্রস্তাব বহাল থাকবে, তত দিন উয়েফার কোনো জাতীয় দল ফিফার কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। এই পরিকল্পনা সম্পূর্ণভাবে বাতিল না করা এবং ভবিষ্যতে কখনোই ফিফার পরিচালনা ব্যবস্থা বা টুর্নামেন্টকে বেসরকারি মালিকানার জন্য উন্মুক্ত করা হবে না—এমন নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।'
উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের সমন্বয়ে আয়োজিত এই ভার্চ্যুয়াল বৈঠকে ২০টিরও বেশি জাতীয় ফুটবল সংস্থার প্রধানেরা বক্তব্য দেন বলে জানা যায়।
