ওমরাহ ফেরত বৃদ্ধার করোনা, চিকিৎসক-নার্সসহ পরিবার কোয়ারেন্টিনে
কক্সবাজারে ওমরা ফেরত এক বৃদ্ধার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকায় পাঠানো নমুনার রিপোর্টে এ ভাইরাসের উপস্থিতির তথ্য এসেছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক (সুপার) ডা. মোহাম্মদ মহিউদ্দিন।
আক্রান্ত বৃদ্ধা ভর্তির পর থেকে কক্সবাজার সদর হাসপাতালের বিশেষ কেবিনে রয়েছেন। তাকে বিশেষ অ্যাম্বুলেন্সে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় করোনা ভাইরাসের চিকিৎসা কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আক্রান্ত নারী ১৩ মার্চ ওমরা হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
পরিবারের বরাত দিয়ে ডা. মোহাম্মদ মহিউদ্দিন জানান, সর্দি, জ্বর, কাশি ও গলা ব্যথা নিয়ে ১৮ মার্চ সদর হাসপাতালে আনা হয় ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধাকে। লক্ষণগুলোতে করোনা সন্দেহ হওয়ায় তাকে বিশেষ পর্যবেক্ষণে নেওয়া হয়। তিনি যে ওমরাফেরত, সে তথ্য তখনো গোপন রেখেছিল তার পরিবার।
কিন্তু সুস্থতার লক্ষণ না দেখায় অনেক বোঝানোর পর রোগীর পরিবার স্বীকার করে, ওই নারী ওমরা থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েছেন। এরপর তার স্যাম্পল পরীক্ষার জন্য রোববার ঢাকার আইইডিসিআর-এর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার বেলা ২টায় পরীক্ষার রিপোর্ট হাসপাতালে পৌঁছেছে।
রিপোর্টে তার করোনা ভাইরাস পজিটিভ এসেছে। সেই হিসেবে তিনি কক্সবাজার জেলায় করোনা শনাক্ত হওয়া প্রথম রোগী।
অন্যদিকে, অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, ওই নারীর করোনা শনাক্ত হওয়ার খবর প্রচারের পর তাকে সেবা দেওয়া কক্সবাজার জেলা সদর হাসপাতালের একাধিক চিকিৎসক, নার্স ও ক্লিনারকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তারা ১৮ মার্চের পর থেকে পালা করে তার চিকিৎসা সেবার দায়িত্ব পালন করেছেন।
তবে চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্টরা কোয়ারেন্টিনে রয়েছেন কি না, এ বিষয়ে গণমাধ্যমে কোনো তথ্য দিতে রাজি হননি হাসপাতাল তত্ত্বাবধায়ক। তিনি বলেন, আমরা সাধ্যমতো নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করে সেবা অব্যাহত রাখছি।
ডা. মোহাম্মদ মহিউদ্দিন সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, করোনা আক্রান্ত হওয়া দোষের কিছু নয়; তাই চিকিৎসকদের কাছে খোলাসা তথ্য দিয়ে সেবা নিন। নিজে নিরাপদ থাকুন, অন্যদেরও নিরাপদ রাখুন।
