এমসিসির আজীবন সদস্য হয়ে পুলকিত মাশরাফি
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্য হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটের আইন প্রণেতা সংস্থাটি মাশরাফিসহ ১৯ জন ক্রিকেটারকে এবার সম্মান প্রদান করেছে। ঐতিহ্যবাহী ক্লাবটির পক্ষ থেকে এমন সম্মান পেয়ে উচ্ছ্বসিত মাশরাফি, ভালো লাগার কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে মাশরাফি লিখেছেন, 'এমসিসি'র সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেলর, ইয়ন মর্গানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।'
১৭৮৭ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক ক্লাবটির আজীবন সদস্য হওয়ায় মাশরাফিকে অভিনন্দন জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি বলেছে, 'মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্য পদ পাওয়ায় মাশরাফি বিন মুর্জতাকে অভিনন্দন। মাশরাফিসহ বিশ্বের আরও কয়েকজন ক্রিকেটারকে এই সম্মান প্রদান করেছে এমসিসি। মাশরাফি ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, যিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই সম্মাননা পেলেন।'
ওয়ানডের সফলতম অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অগ্রজকে নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, 'মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্য পদ পাওয়ায় মাশরাফি বিন মুর্জতা ভাইকে অভিনন্দন।' মাশরাফির সাবেক সতীর্থ সৈয়দ রাসেল লিখেছেন, 'অভিনন্দন মাশরাফি, এমসিসির সম্মানসূচক আজীবন সদস্য।'
এমসিসির আজীবন সদস্য হওয়া ১৯ জনের মধ্যে ১১ জন পুরুষ এবং ৮ জন নারী ক্রিকেটার। সবচেয়ে বেশি ভারত থেকে ৫ জনকে সদস্য করা হয়েছে। কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং এবং সুরেশ রায়না আছেন। নারী ক্রিকেটারদের মধ্য থেকে সদস্য হয়েছেন ঝুলন গোস্বামী এবং মিতালি রাজ। তালিকায় আরও আছেন ডেল স্টেইন, রস টেলর, কেভিন পিটারসেন, ইয়ন মর্গানের মতো কিংবদন্তি ক্রিকেটাররা।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির আজীবন সদস্য হলেন মাশরাফি। প্রথম বাংলাদেশি হিসেবে বিসিবির সাবেক সভাপতি ও ক্রিকেট সংগঠক সাবের হোসেন চৌধুরী এমসিসির সম্মানসূচক আজীবন সদস্য হন।
