আফগানিস্তানকে উড়িয়ে টিকে রইল ভারত
হারলেই বিদায়; সহজ সমীকরণ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে নামার আগে এর বাইরে অন্য কিছু ভাবারই সুযোগ ছিল না ভারতের সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাকি তিন ম্যাচেই চাই জয়, সেটাও বড় ব্যবধানে। কঠিন এই পথে ভারতের শুরুটা হলো দুর্বার। সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে টিকে রইল বিরাট কোহলির দল।
বাঁচা-মরার লড়াইয়ে বুধবার আবু ধাবিতে আফগানিস্তানকে ৬৬ রানের বড় ব্যাবধানে হারিয়েছে ভারত। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর প্রথম জয়ের স্বাদ নিল ভারত। তিন ম্যাচে এক জয়ে চার নম্বরে উঠলো ভারত। এই জয়ে বেশ রান রেট বেড়েছে ভারতের। এই গ্রুপ থেকে টানা চার জয়ে সেমির টিকেট কেটেছে পাকিস্তান। দুটি করে জয়ে ৪ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে যথাক্রমে দুই ও তিন নম্বরে আছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে রান পাহাড় গড়ে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের রেকর্ড জুটির পর ঋষভ পন্ত ও হার্দিক পান্ডিয়ার ব্যাটিং ঝড়ে ২ উইকেটে ২১০ রান জমা করে বিরাট কোহলির দল। চলতি বিশ্বকাপে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। রান পাহাড় তাড়া করতে নেমে আফগানরা সেভাবে ব্যাট হাতে শাসন করতে পারেনি। তাদের ইনিংস ৭ উইকেটে ১৪৪ রানে শেষ হয়।
বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগানিস্তান। দলীয় ১৩ রানেই দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও হজরতউল্লাহ জাজাইকে হারায় তারা। ৪ ওভারে মাত্র ১৭ রান তোলে আফগানিস্তান। পঞ্চম ওভারে অবশৗ মোহাম্মদ শামির ওপর ঝড় বইয়ে রান বাড়িয়ে নেন রহমানউল্লাহ গুরবাজ ও গুলবাদিন নাঈব। এই ওভার থেকে ২১ রান তোলেন তারা।
যদিও এই ঝড় বেশি সময় টেকেনি। ১০ বলে ১৯ রান করা রহমানউল্লাহকে ফিরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। এরপর অনেকেই চেষ্টা চালান, রানও পান কেউ কেউ; তবে সেটা যথেষ্ট হয়নি। গুলবাদিন ১৮, অধিনায়ক মোহাম্মদ নবী ৩৫ ও করিম জানাত অপরাজিত ২ রান করেন। ভারতের পেসার মোহাম্মদ শামি ৩টি উইকেট নেন। রবিচন্দ্রন অশ্বিন ২টি এবং জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা ভারত একের পর এক রেকর্ড গড়ে গেছে। দেয়ালে যখন পিঠ ঠেকে আছে, তখনই চললো তাদের ব্যাটিং শো। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তাদের সর্বোচ্চ সংগ্রহ ২১৮। ২০০৭ বিশ্বকাপে গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগের রেকর্ড ১৩৬ রানের জুটিতে ইংল্যান্ডের বিপক্ষে এই স্কোর গড়ে মহেন্দ্র সিং ধোনির দল।
নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ার দিনে রেকর্ড জুটি গড়েন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। উড়ন্ত সূচনার পর উদ্বোধনী জুটিতে ১৪০ রান যোগ করেন তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই ভারতের সেরা উদ্বোধনী জুটি। গম্ভীর-শেবাগের জুটিকে ছাড়িয়ে যাওয়ার দিনে ভুবন ভোলানো ব্যাটিং করেন রোহিত-রাহুল।
১৪.৪ ওভারে ১৪০ রানের জুটি গড়ে আউট হন রোহিত। এর আগে ৪৭ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৭৪ রানের অসাধারণ ইনিংস খেলেন ডানহাতি এই ওপেনার। কিছুক্ষণ পর থামেন রাহুলও। ৪৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
এরপর ঝড় তোলেন ঋষভ পন্ত ও হার্দিক পান্ডিয়া। মাত্র ২১ বলে ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। পন্ত ১৩ বলে একটি চারও ৩টি ছক্কায় ২৭ ও পান্ডিয়া ১৩ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের গুলবাদিন নাঈব ও করিম জানাত একটি করে উইকেট নেন।
