মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে নিয়ম করে, কোনো ব্যাংকের মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলে ব্যাংকটি কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস দিতে পারবে না। সেই নিয়ম থেকে সরে আসার দাবি জাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অভ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকের সময় এবিবির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, বিষয়টি বিবেচনা করে নতুন সার্কুলার জারির বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন গভর্নর। নতুন সার্কুলার জারি হলে মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকগুলোও কর্মীদের বোনাস দিতে পারবে। তবে সেক্ষেত্রে ব্যাংকগুলোকে অন্তত নিজেদের প্রয়োজনীয় প্রভিশনের মাত্রা বজায় রাখতে হবে।
এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সর্বোচ্চ বোনাস ১৫ লাখ টাকার সীমা উঠিয়ে দেওয়ার দাবিও করেছে এবিবি। বিদ্যমান নিয়ম অনুযায়ী, একজন এমডি সর্বোচ্চ ১৫ লাখ টাকা বোনাস পাবেন এবং কোনো কর্মকর্তা এমডির চেয়ে বেশি বোনাস পাবেন না।
এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন টিবিএসকে বলেন, ব্যক্তিগত ঋণের সীমা ২০ লাখ টাকা থেকে ৪০ লাখ টাকা করার দাবি করা হয়েছে।
তাছাড়া হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাংকগুলো যাতে ৯০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারে, সেই প্রস্তাবও রাখা হয়েছে বৈঠকে।
