ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
কোনো ব্যাংক কর্তৃক আইন বা বিধিবিধান লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর— দুই ডেপুটি গভর্নর ও ব্যাংক সুপারভিশন বিভাগগুলোর পরিচালক এবং সংশ্লিষ্ট নির্বাহী পরিচালকদের সাথে সভায় এ নির্দেশনা দেন।
বৈঠক সূত্র জানায়, সভায় তিনি ব্যাংক সুপারভিশন বা তদারকির ক্ষেত্রে কঠোরতম ভূমিকা পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। এখন থেকে কোনো ব্যাংক কর্তৃক আইন বা বিধিবিধান লঙ্ঘনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কোনোরূপ শৈথিল্য প্রদর্শন না করে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য নির্দেশনা দেন গভর্নর।
এছাড়া কোনো ব্যাংক কর্তৃক আইন বা বিধিবিধান লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনে বর্ণিত প্রযোজ্য শাস্তির (সর্বনিম্ন থেকে সর্বোচ্চ) মধ্যে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
ব্যাংক সুপারভিশনের ক্ষেত্রে তিনি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন এবং ব্যাংকগুলো সকল বিধিবিধান সঠিকভাবে পালন করছে কি না—সে বিষয়ে কঠোরভাবে তদারকির নির্দেশনা দেন।
তাছাড়া এখন থেকে গভর্নর নিয়মিত বিরতিতে ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্টসমূহের পরিচালক, নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নরের সাথে বৈঠকের মাধ্যমে—ব্যাংকগুলোর কার্যক্রম সম্পর্কে প্রাপ্ত হালনাগাদ তথ্য এবং এ বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে তাঁকে অবহিত করার জন্য নির্দেশনা দেন।
