‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়।
দপ্তরাদেশে বলা হয়েছে, 'যেহেতু, জনাব মো. নুরুল আমিন, নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, লক্ষ্মীপুর এর বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথন এর একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৮২ এর ১৪১ (১) নং বিধির অধীনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।'
এতে আরও বলা হয়, 'উক্ত বিধিমালার ১৪১ (১) নং বিধি অনুসারে জনাব মো. নুরুল আমিন... কে বিউবো'র চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।'
এর আগে রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে নুরুল আমিনকে বিভিন্ন প্রকল্পের মালামাল, ঠিকাদারদের বিল এবং আর্থিক লেনদেন নিয়ে আলোচনা করতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, 'আমি ২ কোটি টাকার নিচে নেব না।' ফুটেজ অনুযায়ী, ভিডিওটিতে ঠিকাদারদের বিল পরিশোধ এবং মালামাল সরবরাহ সংক্রান্ত কথোপকথনও রয়েছে।
পিডিবি চেয়ারম্যান মো. রেজাউল করিম টিবিএসকে বলেন, 'ভিডিওটির বিষয়ে জানার পরপরই আমি সংশ্লিষ্ট বিভাগকে এই ব্যক্তিকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছি। আমি ইতোমধ্যেই তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছি এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরুর নির্দেশ দিয়েছি। এটি শেষ হলে তার চাকরির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'
তিনি আরও বলেন, 'প্রতিষ্ঠানের ভেতরে থাকা কোনো অসাধু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিডিবি পিছপা হবে না।'
