ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে ধন্যবাদ জানান তিনি।
টিবিএস পাঠকদের সুবিধার্থে আসিফ নজরুলের ফেসবুক পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো:
'ধন্যবাদ পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।'
উল্লেখ্য, ২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান মাঠে নামবে না বলে বুধবার (৪ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি জোর দিয়ে বলেন, যথেষ্ট বিচার-বিবেচনা ও আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে পাকিস্তানের উচিত বাংলাদেশের পাশে পূর্ণ সমর্থন নিয়ে দাঁড়ানো।
মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচটি খেলব না। কারণ পাকিস্তান মনে করে এটা খেলার মাঠ, রাজনীতির জায়গা নয়। খেলার মাঠে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। আমরা অত্যন্ত সুচিন্তিত অবস্থান নিয়েছি। আমাদের উচিত পূর্ণ সমর্থন নিয়ে বাংলাদেশের পাশে থাকা। আমি মনে করি এটি অত্যন্ত সঠিক সিদ্ধান্ত।'
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ও শাহবাজ শরিফের মধ্যকার এক বৈঠকের পর এই চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হয়।
