পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
পাকিস্তানের লাহোরের উপকণ্ঠে একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু হয়েছে। শহরের কাহনা এলাকায় এই দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিহত শিশুদের বেশির ভাগেরই বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে।
কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। উদ্ধারকারী সংস্থা 'রেস্কিউ ১১২২'-এর মুখপাত্র ফারুক আহমেদ জানান, বিকেল ৪টা ৪৫ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান। এক ঘণ্টার মধ্যে উদ্ধার অভিযান শেষ করা হয়। ধ্বংসস্তূপ থেকে যাদের উদ্ধার করা হয়েছে, তাদের অনেকেরই বয়স ১০ বছরের নিচে।
জহির (৪৫) নামের এক ব্যক্তি জানান, শিশুরা যখন ভেতরে পড়ছিল, তখন ছাদের ওপর টাইলস মেরামতের কাজ চলছিল। তিনি অভিযোগ করেন, ছাদের ওপর অতিরিক্ত ওজন রাখার কারণেই এই ধসের ঘটনা ঘটেছে। ভবনটির ছাদের অবস্থা আগে থেকেই খারাপ ছিল বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, 'আমরা জানি না সন্তান হারানোর সান্ত্বনা দেওয়ার জন্য প্রথমে কোন বাড়িটিতে যাওয়া উচিত।'
এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ একে 'হৃদয়বিদারক ট্র্যাজেডি' হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় তিনি বলেন, ১৪টি নিষ্পাপ প্রাণের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
