ওমরাহ’র টাকা ফেরত দেবে সৌদি
করোনা ভাইরাসের কারণে ওমরাহ যাত্রী ও পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। সারাবিশ্বের মতো এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। ওমরাহ'র জন্য সম্প্রতি প্রায় ১০ হাজার বাংলাদেশি ভিসা করালেও তারা এখন সৌদি আরবে যেতে পারছেন না।
এজেন্সিগুলো ভিসার শর্ত অনুসারে বিমান ও হোটেলসহ অন্যান্য প্রস্তুতি বাবদ টাকা খরচ করে ফেলেছে। এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেল। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ফি ও সার্ভিস চার্জের টাকা তারা ফেরত দেবে।
দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, যারা ওমরাহ করার টাকা জমা দিয়েও এই সাময়িক নিষেধাজ্ঞার কারণে আসতে পারছেন না, তাদের এজেন্টদের মাধ্যমে সেই টাকা ফেরত দেওয়া হবে। সৌদি প্রেস এজেন্সির সূত্র ধরে খবরটি জানিয়েছে সৌদি গেজেট।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় পরামর্শ দিয়েছে, যারা এই টাকার দাবিদার, তারা যেন নিজ দেশের ওমরাহ এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজনীয় তথ্যের জন্য সৌদিতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে টেলিফোনে (ফোন নম্বর: ০০৯৬৬-৯২০০০২৮১৪) কিংবা ই-মেইলে (mohcc@haj.gov.sa) যোগাযোগ করা যাবে।
এদিকে, সৌদি আরবে এখনও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কোনো খবর পাওয়া না গেলেও সতর্কতা হিসেবে বিদেশিদের ওমরাহ পালন সম্প্রতি স্থগিত করে দেশটি। একইসঙ্গে পর্যটক ভিসা নিয়ে সেদেশে প্রবেশও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
